ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)। আটক ব্যক্তির নাম জাকির ফরাজী বলে জানা গেছে, যিনি দক্ষিণ দিঘলদী এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ১টি কার্তুজ এবং প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভোলা অঞ্চলে সাম্প্রতিক সময়ে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি করেছে।
আজকালের কন্ঠ/আর বি