লক্ষ্মীপুরের রায়পুরে ১৩ বছর বয়সী কিশোর অটোচালক রাজিব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রাজিব দুই ভাইয়ের মধ্যে ছোট। পরিবারের আর্থিক কষ্ট লাঘবে অল্প বয়সেই সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহে সহায়তা করত। তার এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ মে ২০২৬ তারিখে রায়পুর উপজেলায় কিশোর অটোচালক রাজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় মামলা নং-০৩, তারিখ ২ মে ২০২৬ খ্রি., দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর হয়ে ওঠে পুলিশ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ আবু তারেক-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-এর প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালিত হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়ার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল, চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় গত ৪ মে ২০২৬ খ্রি. বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর থানার ওয়্যারলেস চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহেল বাওয়াতী (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।