মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন। ২০১৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী ও ইসলামী মূল্যবোধভিত্তিক সংগঠন হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নই সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদুল ফিতরে নগদ অর্থ সহায়তা প্রদান। এছাড়া করোনা মহামারীর সময় সংগঠনটি খাদ্যসামগ্রী বিতরণসহ জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করে।
বর্তমানে সংগঠনটির প্রধান কার্যালয় কমলগঞ্জ উপজেলার শহীদ নগর বাজার, পতনউষার এলাকায় অবস্থিত। এখান থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “প্রতিষ্ঠার সময় আমরা মাত্র পাঁচজন সদস্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে বহু সদস্য নিয়ে সংগঠনটি কাজ করছে। প্রবাসী দাতা সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান এবং এলাকার মানুষের ভালোবাসার কারণে আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, “হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। শুরু থেকে মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।”
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাফি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে আমরা ধাপে ধাপে মানুষের পাশে থাকতে পেরেছি। ছোট পরিসরে শুরু হওয়া এই সংগঠন আজ অনেক দূর এগিয়েছে সকলের সহযোগিতায়। আগামীতেও সবার সহযোগিতায় সংগঠন আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ বলেন, “সংগঠনটি গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। একটি সামাজিক ও ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা দায়িত্বশীলতার সঙ্গে মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন কমলগঞ্জ উপজেলায় মানবসেবার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
আজকালের কন্ঠ/আর বি