ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া ৬নং ওয়ার্ডে অবস্থিত ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা পরিদর্শন করেছেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান জনাব মিঞা মোঃ নূরুল হক। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত অনুমোদন প্রদানের আশ্বাস দেন।
জানা যায়, ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে যাত্রা শুরু করলেও ২০২৩ সাল থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও ফলাফলের দিক থেকে ব্যাপক সুনাম অর্জন করেছে।বর্তমানে মাদরাসাটিতে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। রয়েছে দুটি পৃথক ভবন—বালক ভবন ও বালিকা ভবন—যা শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। Islamic Foundation Bangladesh আয়োজিত কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার লাভ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করে মাদরাসাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপজেলা পর্যায়ে ৩৪টি বৃত্তির মধ্যে অষ্টম শ্রণিতে ১৭টি ও পঞ্চম শ্রেণিতে ২টি ট্যালেন্টপুলে ৩টি সাধারণ বৃত্তি অর্জন করে ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষার্থীরা, যা প্রতিষ্ঠানটির শিক্ষা মানের উজ্জ্বল প্রমাণ।
পরিদর্শনকালে চেয়ারম্যান জনাব মিঞা মোঃ নূরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের শিক্ষার মান, শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। খুব শিগগিরই মাদরাসাটির আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।”এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দ্রুত অনুমোদন কার্যক্রম সম্পন্ন করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের মতে, ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ইতোমধ্যেই এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর এস