Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩, ২০২৬ , ১২:৫৫ পূর্বাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ১১ দলের গণজোয়ার

লেখকঃ মোঃ শেখ ফরিদ ,ভোলা জেলা প্রতিনিধি :

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ১১ দলের উদ্যোগে ব্যাপক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের অংশগ্রহণে পুরো শহর জুড়ে গণজোয়ারের সৃষ্টি হয়।

শনিবার (২ মে) আসর নামাজের পর শহরের নতুন বাজার বোডিং মসজিদে ১১ দলের নেতাকর্মীরা সমবেত হন। সমবেত জনতা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে এবং এক পর্যায়ে হাটখোলা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ১১ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, জুলাই সনদে জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তা বাস্তবায়নে অযৌক্তিক বিলম্ব দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়ে উঠছে। দ্রুত এ সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, “জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলমান থাকবে।” তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, যুবক ও পেশাজীবীসহ নানা শ্রেণির মানুষ এতে অংশগ্রহণ করেন, যা কর্মসূচিটিকে একটি গণআন্দোলনের রূপ দেয়।

আয়োজকরা জানান, দাবি আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং দেশব্যাপী এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন