Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৬ , ২:৩৮ অপরাহ্ণ

নিখোঁজের পর মুক্তিপণ দাবি, রায়পুরে অটোচালকের লাশ উদ্ধার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তিপণ দাবি এবং পরদিন বাগান থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রাজিব (১৩) উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব তার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। ঘটনার পর ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন