Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৬ , ৪:২৮ অপরাহ্ণ

অ্যাক্রেডিটেশন অর্জনে ওবিই কারিকুলামের বিকল্প নেই: জবি উপাচার্য

লেখকঃ জবি প্রতিনিধি

আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ওবিই কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ শীর্ষক এক ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ এখনও ওবিই কারিকুলাম পূর্ণাঙ্গভাবে প্রণয়ন করতে না পারলেও ইতিহাস বিভাগ এটি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। অন্যান্য বিভাগের ক্ষেত্রে ইতিহাস বিভাগ এই কারিকুলাম বাস্তবায়নে পথিকৃৎ হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী মাসের ৩ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের ক্লাস শুরু হওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য সকল বিভাগকে ওবিই কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়নে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে ওবিই বাস্তবায়নে আরও সমৃদ্ধ হবে।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়ার্কশপের প্রথম সেশনে ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ বিষয়ে তাত্ত্বিক আলোচনা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। দ্বিতীয় সেশনে ব্যবহারিক আলোচনা পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

​উদ্বোধনী পর্বে বিভাগের কারিকুলাম কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং সদস্য অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী ওবিই কারিকুলাম প্রণয়নের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন এবং ওবিই কারিকুলাম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন