গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ২-১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ। দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ফাইনাল ম্যাচটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান। তারা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিপ্লব হাজদা। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান একই বিভাগের মো. কামরুল ইসলাম মুন্না। এছাড়া সেরা গোলরক্ষক নির্বাচিত হন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান লোকপ্রশাসন বিভাগের মো. হানিফ।
উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগ অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে।
আজকালের কন্ঠ/আর বি