Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৬ , ১১:০৫ পূর্বাহ্ণ

জিয়ানগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া চিকিৎসক ও তার সহকারী গ্রেফতার

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ০১ ভূয়া চিকিৎসক ও তার ০১ সহকারী সহ মোট ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঐ ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ০১ মাসের কারা দণ্ডাদেশ এবং তার সহকারীকে ০৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ইন্দুরকানী সরকারি ডিগ্রী কলেজ মোড় সংলগ্ন সেউতিবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভূয়া চিকিৎসক এম.এ.আকবর ও তার সহকারী রতন কুমার শীলকে গ্রেফতার করে অর্থ দণ্ড ও কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শমসের আলীর পুত্র এম. এ.আকবর (৩৭) এবং জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের মৃত: ভূবন চন্দ্র শীলের পুত্র রতন চন্দ্র শীল (৪০) দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারিত করে আসছিল। তারা জিয়ানগর সরকারী কলেজ মোড় সংলগ্ন সেউতিবাড়িয়া এলাকায় একটি চার তলা ভবনের কক্ষ ভাড়া নিয়ে এ অপচিকিৎসা দিয়ে আসছিল। পরীক্ষা-নিরীক্ষা ও বিদেশী ঔষধের নামে তারা রোগীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ হাফিজুর রহমান জানান,এই চক্রটি চিকিৎসক পদবী ব্যবহার করে ক্যান্সার, বন্ধ্যাত্ব, টিউমার,হৃদরোগ,হার্ট ব্লক, পিত্তথলির পাথর ও কিডনি রোগের চিকিৎসার নামে অপ-চিকিৎসা দিয়ে আসছিল। এছাড়া ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে ‘কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক এনালাইজার’ নামক ডিভাইসের মাধ্যমে ভূয়া রিপোর্ট তৈরি করে রোগীদের প্রতারিত করে আসছিল। তাছাড়া সহকারী রতন কুমার শীল গ্রামের সহজ সরল মানুষ কে গ্রিন কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ও প্রমাণ পাওয়া যায়।

অভিযান কালে অনুমোদন হীন হোমিও ঔষধ প্রদান, জালিয়াতি এবং মানুষের স্বাস্থ্যহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং আসামিরা অপরাধ স্বীকার করায় ভূয়া চিকিৎসক এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা জরিমান ও ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সহকারী রতন কুমার শীলকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: পারভিন, জিয়ানগর থানা পুলিশের টিম,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন