Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ

প্রভাবশালীদের নিয়ন্ত্রণে গরুর বাজার, সরকারি কোষাগার বঞ্চিত

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাট গরুর বাজারে আদালতের নির্দেশনা উপেক্ষা করে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

উপজেলার সবচেয়ে বড় এই গরুর বাজারটি প্রতি বছরের মতো এবারও ইজারা দেওয়া হলেও, ইজারা নিয়ে সৃষ্ট বিরোধের কারণে বাজারটি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি প্রতিনিধির মাধ্যমে বাজারের হাসিল আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। তবে বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার, তার ছেলে শিমুল হাওলাদার ও খবির খলিফাসহ কয়েকজন ব্যক্তি বাজারের হাসিল আদায়ের নিয়ন্ত্রণ নিয়েছেন। অভিযোগ রয়েছে, আদায়কৃত অর্থের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে।

গত শনিবার (২৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিমুল হাওলাদার ও তার সহযোগীরা বাজারের বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে নিজেদের মতো করে হাসিল আদায় করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইউপি তহসিলদার আব্দুল সাত্তারকে একটি দোকানে বসে থাকতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের লোকজনই টাকা তুলছে, এখানে অন্য কেউ নেই।”

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, “আমার ছেলে ও কয়েকজন সরকারকে সহযোগিতা করার জন্য চৌকিতে বসেছে। বাজারের ওই জায়গাটি আমার ব্যক্তিগত সম্পত্তি।”

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বাজারটি নিয়ে বিরোধ থাকায় তহসিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনে স্থানীয়দের সহযোগিতা নিতে পারেন। তবে, হাসিলের টাকা নিয়ে কোনো অনিয়ম হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন