Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ২:৪৪ অপরাহ্ণ

আশাশুনিতে গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন বেড়িবাঁধে ফের ভয়াবহ ভাঙন

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন বেড়িবাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, বড়দল ইউপি প্রশাসক আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, গোয়ালডাংগা বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার ভুট্টসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ালডাঙ্গা বেড়িবাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। পরে আস্তে আস্তে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে ২০২৫ সালের ৭ এপ্রিল বাজার রক্ষা বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে। এরপর কিছুদিন কাজ বন্ধ থাকার পর সরকারি বরাদ্দ অনুযায়ী পুনরায় আবার কাজ শুরু হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।

তবে, ভাঙনরোধে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং এর কাজ করার কথা থাকলেও সেটা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এছাড়া কাজের ধীরগতির কারণে বাজারের নির্মাণাধীন চান্নি এবং বাজারের পাইলিং ভেঙে নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, দ্রুত সময়ের বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন