Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬ , ১:৫৯ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, পায়রাসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং সমুদ্রতটে ছোট-বড় ঢেউ আছড়ে পড়তে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে উপকূলীয় আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে পায়রা সমুদ্রবন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি খুলনা, বরিশালসহ অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার জেলেদের গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন