নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত গৃহবধূ সোমা আক্তারের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে আজ সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১২ নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সোমা হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি তোলেন।
নিহত সোমা আক্তার উপজেলার আমতলা গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী ছিলেন। গত ২২ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে চরম আতঙ্ক সৃষ্টি করছে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
আজকালের কন্ঠ/আর এস