Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২৬ , ৯:৪৪ অপরাহ্ণ

রায়পুরে খাল খননে নতুন উদ্যোগ, সুফল পাবে কৃষি ও মৎস্য খাত

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এ খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বটতলী এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

উদ্বোধনকালে তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করে পর্যায়ক্রমে উপজেলার সব খাল পুনঃখনন করা হবে। কোনোভাবেই পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, অনেক স্থানে খাল ভরাট হয়ে জমিতে পরিণত হয়েছে, যার ফলে জলাবদ্ধতা বেড়েছে এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং মাছ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন