ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ গ্রেফতার | Daily AjKaler Kontho

ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ গ্রেফতার


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সাজা ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সৈকত মজুমদার, এসআই (নিঃ) মোঃ ফারুকুল ইসলাম, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিকসহ সঙ্গীয় ফোর্স থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় শফিক মিয়ার দোকানের সামনে বেরিবাঁধ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ সাইফুল ইসলাম পলাশ (২৭) পিতা আব্দুল জলিল (নজু)লাড়ুচো নন্দীপাড়া ও মোঃ সোহাগ (৩৪)-পিতা বাবুল মিয়া, গ্রাম বড়শালঘর কে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে একটি প্রায় ২৪ ইঞ্চি লম্বা কাঁটার, একটি প্লাস, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড (প্রায় ২৪ ইঞ্চি), তিনটি পুরাতন গামছা, একটি পুরাতন লুঙ্গি এবং একটি নাম্বারবিহীন পুরাতন সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিনা আক্তার এবং একই ব্যক্তির নামে দুইটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সালামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আজকালের কন্ঠ/আর বি