দিনাজপুরের খানসামা উপজেলার পাঁচপীর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনাস্থল ঘুরে দেখে আগুনের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন হুইপ। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সান্ত্বনা দেন এবং তাঁদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ বলেন, “অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা আপনাদের পাশে আছি। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত কয়েকদিন আগে গভীর রাতে পাঁচপীর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।
আজকালের কন্ঠ/আর বি