কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চ বিদ্যালয় মাঠে “ স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি”-এর শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ও ফ্রি ঔষধ কর্মসূচির আয়োজন করা হয়।
কাজী হাসান আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহীদ এবং সহকারী অধ্যাপক খাড়াইয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসা, বুড়িচং অধ্যাপক শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজী আব্দুল লতিফ, মোঃ বুলবুল আহমেদ চৌধুরী,মোঃ মোশারফ হোসেন, নজরুল ইসলাম মাষ্টার, উমর ফারুক উজ্জ্বল, আবু বকর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মোঃ শাহীন তার বক্তব্যে বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি সাইফুল ইসলাম শহীদ বলেন, “এই সংগঠন শুধু রক্তদানেই সীমাবদ্ধ থাকবে না, বরং মানবিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতি কাজী হাসান বলেন, “স্বপ্নশিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি গঠনের মূল উদ্দেশ্য হলো জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং আগতদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আজকালের কন্ঠ/আর বি