নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর এলাকায় একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জুস ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৭ বস্তা প্রস্তুত নকল জুস এবং আরও প্রায় ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত জুস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অভিযানকালে কারখানার মালিক ময়েন উদ্দিন উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনের নামে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক জানান, দীর্ঘ ৭-৮ বছর ধরে ওই কারখানায় নকল জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগে একাধিকবার জরিমানা হলেও কারখানার মালিক ময়েন উদ্দিন আওয়ামী কৃষক লীগের নেতা হওয়ায় প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন । তিনি আরও অভিযোগ করেন, এসব নকল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা ও বাচ্চাদের খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
আজকালের কন্ঠ/আর এস