নেত্রকোণার কেন্দুয়ায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ৩০জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা হয়।
নিহত হচ্ছেন, আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী সোমা আক্তার (৩০)। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি। আহত ৯ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৭ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেহেদী মাকসুদ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গ্রামটির নুর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে শাহীন ও বাবুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। তখন নুর ইসলামের লোকজন বাঁধা দেয়।
এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের বেশ কিছু লোক আহত হন। আহতদের মধ্যে নুর ইসলাম পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তার মারা যান।ওসি আরো জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আজকালের কন্ঠ/আর এস