Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ :

নওগাঁর রাণীনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলমসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) জানান, রাণীনগর উপজেলায় এবার মোট ১৭ হাজার ৩৩৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৫০১ জন ছেলে এবং ৮ হাজার ৮৩৬ জন মেয়ে শিশু রয়েছে।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। কর্মসূচিটি ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে। রাণীনগর উপজেলার প্রতিটি ইপিআই টিকাদান কেন্দ্রের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রেও এই টিকা প্রদান করা হচ্ছে। বিশেষ সুবিধা হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিটি কর্মদিবসেই সশরীরে উপস্থিত হয়ে শিশুদের টিকা দেওয়া যাবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে এই টিকা অত্যন্ত কার্যকর। কোনো যোগ্য শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে অসুস্থ শিশুকে সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

 

 

প্রিন্ট করুন