নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।সোমবার (২০ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছে অভিযোগটি দাখিল করেন তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।
লিখিত অভিযোগে জানা যায়, সমবায় অফিস-সংক্রান্ত একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত মাস আগে ইউএনও কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ জাকির হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি প্রতিশ্রুত কাজটি সম্পন্ন করতে পারেননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে নাসিম শাহ নানা অজুহাত দেখান। এমনকি একপর্যায়ে তিনি হুমকি-ধমকি ও অশোভন আচরণও করেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ এক মাসে চারবার সময় নিয়েও টাকা ফেরত না দিয়ে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে নাসিম শাহের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। তবে পুনরায় বিষয়টি নিশ্চিত করতে চাইলে তিনি ফোন কেটে দেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, অভিযুক্ত নাসিম শাহ বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে দ্রুত শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আজকালের কন্ঠ/আর এস