Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২০, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ

বাউফলে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন

লেখকঃ মো: আলী আশরাফ , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত ‘এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। মূলত প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যেই এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল্লাহ আমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রায়হান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাইয়ূম হোসেন এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সবুজ।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আমানুল্লাহ আমান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের শুধু দক্ষই করছি না, বরং তাদের একেকজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছি। এটি গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।”

​সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ কৃষক-কিষানি এই কংগ্রেসে অংশ নিয়েছেন। এখানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় দমন ও বালাই ব্যবস্থাপনা এবং নিরাপদ ফসল উৎপাদনের কলাকৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া মাঠ পর্যায়ের সফল কৃষকরা একে অপরের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন।​বক্তারা আরও উল্লেখ করেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন