মান্দা উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং হাম ও রুবেলা রোগ নির্মূলে শুরু হয়েছে ‘হাম/রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’।
আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই বিশেষ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার জাহান সাথী। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা হাম ও রুবেলা রোগের ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে টিকাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশ থেকে হাম ও রুবেলা রোগ নির্মূল করার লক্ষ্যে সরকার দেশব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করছে। এর মাধ্যমে নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় এনে একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার জাহান সাথী ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই টিকা অপরিহার্য। তাই কোনো শিশুই যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আনোয়ারুল ইসলাম জানান, মান্দার সকল শিশু যাতে সময়মতো এই টিকা পায়, সেজন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনটি সফল করতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রম শুরু হয়, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আজকালের কন্ঠ/আর বি