ময়মনসিংহের ফুলপুর উপজেলার নিখোঁজ অটোরিক্সা চালক মোকছেদ আলীকে অবশেষে ঢাকায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে পাওয়ার খবরে পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
জানা যায়, ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোকছেদ আলী গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ঢাকার মিরবাগ এলাকায় রাস্তার পাশে অচেতন ও গুরুতর আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।
বর্তমানে তিনি ঢাকার রামপুরা মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোড এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ চার দিন পর রাত আনুমানিক ৮টার দিকে তার সন্ধান পাওয়ার খবর পৌঁছালে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আর এইচ রুমেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি ত্বরান্বিত করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রচার ও প্রশাসনের সক্রিয় ভূমিকার কারণে দ্রুত মোকছেদ আলীকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন।
উদ্ধারের পরপরই আর এইচ রুমেল মোকছেদ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থা দেখে দ্রুত চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও নিখোঁজ ব্যক্তিকে জীবিত ফিরে পাওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি বিরাজ করছে।
আজকালের কন্ঠ/আর বি