Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ

রায়পুরে মাদকের বিস্তার: প্রশাসন কি জানে, নাকি দেখেও দেখছে না?

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক বাণিজ্য ও সেবন। প্রকাশ্যে মাদক বিক্রি, অলিগলিতে আসক্তদের অবাধ বিচরণ—সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাব রয়েছে। মাঝে মধ্যে সীমিত পরিসরে অভিযান পরিচালনা করা হলেও, তা অনেকাংশেই ‘আইওয়াশ’ বলেই মনে করছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, রায়পুর পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের বিস্তার ঘটেছে। বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ দ্রুত জড়িয়ে পড়ছে এই মরণ নেশায়। সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু স্থানে নিয়মিত বসে মাদক সেবনের আসর, যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পান অনেকেই।

একাধিক সচেতন নাগরিক নাম প্রকাশ না করার শর্তে জানান, আইনশৃঙ্খলা বাহিনী অনেক কিছু জানলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব কমই দেখা যায়। ছোটখাটো অভিযানে খুচরা বিক্রেতারা ধরা পড়লেও, বড় সিন্ডিকেট প্রায়ই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

এছাড়া রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এসব কারণে মাদক কারবারীরা অনেক ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযানের দাবি করা হলেও, বাস্তবে তার প্রভাব খুব একটা দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে। ফলে পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে এখনই কঠোর, সমন্বিত ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করলে রায়পুরের সামাজিক কাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তারা নিয়মিত অভিযান জোরদার, মূল হোতাদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক সদিচ্ছার জোর দাবি জানিয়েছেন।

এ অবস্থায় প্রশ্ন থেকেই যায়—রায়পুরে মাদকের এই বিস্তার কি প্রশাসনের অজানা, নাকি নীরবতার আড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে?

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন