Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৬ , ১০:১৭ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় পৃষ্ঠপোষকতা প্রদান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে তাদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,‌ উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরিদর্শনকালে অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানেন। সাধারণ দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ স্টল প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো এমন প্ল্যাটফর্মে নিজেদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তারা জানায়, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

সংশ্লিষ্টদের মতে, বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে এবং পরিবেশবান্ধব ও সময়োপযোগী প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে এ ধরনের মেলার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা গেলে আগামীর উদ্ভাবকরা আরও বেশি অনুপ্রাণিত হবে বলে তারা মনে করেন।

প্রিন্ট করুন