Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ

৫ বছরে পদার্পণ ‘দৈনিক আজকালের কণ্ঠ’ আমার কাছে কেবল কর্মস্থল নয়, এক আবেগের নাম: আব্দুল্লাহ আল মাহীদ

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ

সময়ের তপ্ত বালুচরে সততা আর সাহসের পদচিহ্ন এঁকে দেশজুড়ে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘দৈনিক আজকালের কণ্ঠ’। আগামীকাল ১৬ই এপ্রিল, আমাদের এই প্রিয় পত্রিকাটি পূর্ণ করতে যাচ্ছে গৌরবময় ৫ বছর। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট ছোঁয়ার অপেক্ষায় আমরা- যখন শুরু হবে এক নতুন ইতিহাস, আজকালের কণ্ঠ পদার্পণ করবে ষষ্ঠ বছরে।

দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার যে ব্রত নিয়ে এই পত্রিকা যাত্রা শুরু করেছিল, আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। এই সাফল্যের অর্ধদশক উদযাপনের প্রাক্কালে নওগাঁ জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে আমার হৃদয়ে বইছে এক অন্যরকম আনন্দ ও গর্বের জোয়ার।

আমি আব্দুল্লাহ আল মাহীদ, একজন তরুণ সংগঠক এবং ফ্রিল্যান্সার হিসেবে সমাজের জন্য ইতিবাচক কিছু করার তাড়না আমার ভেতর সব সময়ই ছিল। কিন্তু ‘দৈনিক আজকালের কণ্ঠ’ পরিবারের সাথে যুক্ত হওয়ার পর সেই লক্ষ্য এক নতুন পূর্ণতা পেয়েছে। গত চার মাস ধরে নওগাঁর আনাচে-কানাচে ক্যামেরা আর মাইক্রোফোন হাতে যখনই ছুটে গিয়েছি, তখনই অনুভব করেছি, আমি কেবল খবর সংগ্রহ করছি না, বরং সারা দেশের মানুষের কাছে সত্য তুলে ধরার এক পবিত্র দায়িত্ব পালন করছি।

মাল্টিমিডিয়া সাংবাদিকতার এই সংক্ষিপ্ত অথচ বর্ণিল সময়ে আমি দেখেছি কীভাবে একটি পত্রিকা পুরো বাংলাদেশের আপামর জনসাধারণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। নওগাঁর মাটি ও মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা আর সমস্যার কথাগুলো যখন আমার লেন্সের মাধ্যমে এই পত্রিকার পাতায় বা পর্দায় ফুটে উঠেছে, তখন সারা দেশের পাঠকদের যে সাড়া পেয়েছি, তা আমাকে মুগ্ধ করেছে। এই চার মাসে ‘দৈনিক আজকালের কণ্ঠ’ আমার কাছে কেবল একটি পেশা হিসেবে থাকেনি, এটি হয়ে উঠেছে আমার অস্তিত্বের অংশ।

আগামীকালকের এই ৫ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে পেছনে তাকালে দেখা যায় এক অদম্য সাহসের ইতিহাস। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সর্বত্র আজকালের কণ্ঠ আজ তার অবস্থান সুদৃঢ় করেছে। একজন তরুণ সংবাদকর্মী হিসেবে আমি গর্বিত এই কারণে যে, এই পত্রিকা সব সময় সাহসিকতার সাথে কাজ করেছে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়েছে।

৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণ আসার ঠিক আগের মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাই পত্রিকার সম্পাদকসহ পরিচালনা পর্ষদের সকলের প্রতি। কৃতজ্ঞতা জানাই সারা বাংলাদেশের অগণিত পাঠকদের প্রতি, যাদের নিরবচ্ছিন্ন ভালোবাসা আমাদের প্রতিদিনের পথচলার পাথেয়। আমার বিশ্বাস, ‘দৈনিক আজকালের কণ্ঠ’ তার এই জয়যাত্রা অব্যাহত রাখবে। সত্যের পথে আমাদের এই লড়াই চলবে আজীবন। ৫ বছর তো কেবল একটি মাইলফলক, এই প্রদীপ জ্বলুক যুগের পর যুগ। আগাম শুভ জন্মদিন ‘দৈনিক আজকালের কণ্ঠ’ তোমার জয়যাত্রা হোক অক্ষয়, অম্লান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন