Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননকালে কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ

নওগাঁর মহাদেবপুরে একটি পুরাতন পুকুর খননের সময় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের সদৃশ রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খনন করছিলেন শ্রমিকরা। খননকাজ চলাকালীন মাটির নিচে মূর্তিটির সন্ধান পান স্থানীয়রা। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কষ্টিপাথর সদৃশ রাধাকৃষ্ণের মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন সাত কেজি ৭০০ গ্রাম। এটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন একটি নিদর্শন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে জব্দ করেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।”

বর্তমানে ওই এলাকায় পুলিশি তৎপরতা স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন