নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদের মজুত ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এ সময় তাঁর কাছ থেকে ৩৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল)র্যাব-১১ সূত্রে জানা যায় বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে রাজীব ভৌমিক (৩২) নামের ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ৩৬৭ বোতল বিদেশি মদ, যার মোট পরিমাণ ২০৭ দশমিক ৩৭৫ লিটার, জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে মদ মজুত করে বিভিন্ন এলাকায় খুচরা দামে বিক্রি করে আসছিল।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি