Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৫, ২০২৬ , ৩:৫২ অপরাহ্ণ

পহেলা বৈশাখে নওগাঁয় জেলা পুলিশের চিরুনি অভিযান, ইয়াবা, ফেন্সিডিল ও মাদকসহ গ্রেফতার ৩

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ

পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে জননিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে নওগাঁ জেলা পুলিশ। পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা, ১৫০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং ২০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় এই মাদকবিরোধী তৎপরতা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে জেলাজুড়ে কঠোর নজরদারি চলাকালীন পৃথক তিনটি থানায় এসব অভিযান সম্পন্ন হয়। মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ অপূর্ব (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। ধামইরহাট থানায় পরিচালিত অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। পত্নীতলা থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানাধীন শুরকালী বাজার এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যে জানা যায়, এক ব্যক্তি সেখানে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চলাফেরা করায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম মালিক গ্রামের মৃত আঃ হাইয়ের ছেলে মাহফুজকে (৩৫) আটক করা হয়। পরবর্তীতে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করলে দেখা যায়, আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের নিচে অত্যন্ত সুকৌশলে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল রাখা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত মাদকদ্রব্য জব্দ করা হয়।

নওগাঁ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত নওগাঁ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন