বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ এটিম মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শোভাযাত্রাটি শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, বর্ণিল সাজসজ্জা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ, যা নতুন বছরকে বরণ করে নিতে শহরবাসীর আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।
শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তার সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রঙিন পাঞ্জাবি ও শাড়িতে সজ্জিত শিক্ষার্থীদের উপস্থিতি শোভাযাত্রায় যোগ করে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য। শোভাযাত্রায় ছিল ঢাক-ঢোলের বাদ্য, রঙিন বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ নানা সাংস্কৃতিক উপকরণ, যা পুরো শহরকে পরিণত করে এক আনন্দঘন উৎসবের মঞ্চে। সব মিলিয়ে, নওগাঁয় বাংলা নববর্ষ উদযাপন ছিল উৎসবমুখর, আনন্দঘন ও বর্ণাঢ্য।
আজকালের কন্ঠ/আর বি