Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৪, ২০২৬ , ৬:১৮ অপরাহ্ণ

কলাপাড়ায় ১৪ ফুট ইলিশ ও বিশালাকৃতির পাখি-প্রাণীর প্রতিকৃতিতে ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ ফুট দৈর্ঘ্যের ইলিশ মাছ, ১০ ফুট দৈর্ঘ্যের বকসহ বাঘ ও পেঁচার বিশাল অবয়ব নিয়ে এক ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এমন বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী আয়োজন নতুন প্রজন্মের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’র উদ্যোগে পৌর শহরের কলাপট্টি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় কৃষক, জেলে, কামার ও কুমারের ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল কৃষিকাজে ব্যবহৃত লাঙলসহ নানা বিলুপ্তপ্রায় গ্রামীণ উপকরণ, যা বাঙালির শিকড় ও গ্রামীণ সংস্কৃতির পরিচয় বহন করে।

এসময় ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নাচ-গানে মেতে ওঠে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় গ্রামীণ ঐতিহ্যের বাতাসা, নকুলদানা, খৈ, মোয়া ও মুড়িসহ বিভিন্ন মিষ্টান্ন।

আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন শুধু উৎসবের আনন্দই বাড়ায় না, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন