শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে দরকার প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা। তিনি যবিপ্রবির উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করেন।
আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে “সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন” শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। যবিপ্রবির ১৪ টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতির জন্য একযোগে আবেদন করছে। তারই উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ সহায়তা করবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্য নিয়ে যবিপ্রবি যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আসলে প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতে যবিপ্রবির প্রত্যেকটি বিভাগ বিএসির স্বীকৃতি অর্জন করবে এবং যবিপ্রবি শুধু দেশ নয় বিশ্বের সঙ্গেও পাল্লা দিয়ে এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, তোমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটি রিসোর্সফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে এই জাতির প্রতি তোমদের যে দায়বদ্ধতা রয়েছে, তা তোমরা পরিশোধ করবে। দায়বদ্ধতা থেকে দেশপ্রেম শুরু হয়। আশা করি তোমরা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে।