Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২৬ , ১১:০১ পূর্বাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

লেখকঃ কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্যাবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

১২ এপ্রিল (রবিবার) দুপুর ১২ টায় অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকসেদুর রহমান।

এছাড়ও উপস্থিত ছিলেন বিভাগের ছাত্র উপদেষ্টা সাইদুল আল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ক্লাবের আহ্বায়ক মোঃ জাহিদ হাসান। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অতিথিরা তাদের বক্তব্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং নিয়মিত অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ নবীন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ম শৃঙ্খলার ব্যপারে সচেতন হওয়ার পরামর্শ দেন। একাডেমিক ও পরবর্তীতে পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য এখন থেকে কঠোর পরিশ্রমী হওয়ার প্রতি যত্নবান হতে বলেন।

ম্যানেজমেন্ট ক্লাবের আহ্বায়ক জাহিদ হাসান নবীন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম, খেলাধুলা, স্বেচ্ছাসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হতে উদ্বুদ্ধ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন