Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১১, ২০২৬ , ১২:৩৪ অপরাহ্ণ

ধামইরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ফারুক হোসেন ধামইরহাট থানার চৌঘাট (কাগজকুটা) এলাকার মো. মোজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ই এপ্রিল বিকেলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফারুক হোসেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সংবাদ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন