রাণীনগরে পুকুর খননকালে মিলল পুরনো রাইফেলের অংশবিশেষ | Daily AjKaler Kontho

রাণীনগরে পুকুর খননকালে মিলল পুরনো রাইফেলের অংশবিশেষ


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
রাণীনগরে পুকুর খননকালে মিলল পুরনো রাইফেলের অংশবিশেষ

নওগাঁর রাণীনগরে একটি পুরনো পুকুর সংস্কারের কাজ চলাকালীন মাটির নিচ থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। উপজেলার বিষ্ণুপুর দিঘীরপাড় গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আজিজার রহমান তার মালিকানাধীন একটি পুরনো পুকুর নতুন করে সংস্কারের উদ্যোগ নেন। শ্রমিকরা পুকুর খনন করার সময় মাটির গভীর থেকে জং ধরা অবস্থায় একটি ভারী লোহার বস্তু দেখতে পান। পরে সেটি উপরে তুলে আনলে দেখা যায় এটি একটি রাইফেলের অংশবিশেষ। লোকালয়ে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার হওয়া বস্তুটি নিজেদের হেফাজতে নেয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান :

“প্রাথমিকভাবে উদ্ধার হওয়া সরঞ্জামটি একটি পুরনো থ্রি-নট-থ্রি রাইফেলের অংশবিশেষ বলে প্রতীয়মান হচ্ছে। এটি দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরিচা ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি অনেক আগের কোনো অস্ত্র যা পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে ছিল। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি