Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১০, ২০২৬ , ১২:৫০ অপরাহ্ণ

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ফরহাদ হোসেন (৩০) সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে এক ব্যক্তি পাওনা টাকা দেওয়ার কথা বলে ফরহাদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতেই তার খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান পাননি।

শুক্রবার সকালে বাড়ির কাছাকাছি একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, পূর্বের টাকা-পয়সা লেনদেনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছে বলেও তারা দাবি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রিন্ট করুন