Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ৬:৫৪ অপরাহ্ণ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: মুরাদনগরের বাবা-ছেলেসহ নিহত ৪

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে একটু স্বচ্ছল জীবন গড়ার। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল সেই স্বপ্নের প্রদীপ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনি অঙ্গরাজ্যের ক্লেভেরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস সূত্রে জানা যায়, স্টেট রুট 9H সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি টয়োটা প্রিয়াস বিপরীত দিক থেকে আসা টয়োটা ক্রাউনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন।

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন করুইবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হেরামন (৬০) ও তার ছেলে মোহাম্মদ নাজমুল রুবেল (২৯)। তারা দীর্ঘদিন ধরে ব্রঙ্কস এলাকায় বসবাস করতেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং তার এক বছর বয়সী সন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তারা বাফেলো শহরে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টার এর পরিচিত মুখ ছিলেন নিহতরা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি শেখ আবুল হোসাইন জানান, “ওরা আমার বাসাতেই থাকত। এমন হাসিখুশি মানুষগুলো এভাবে চলে যাবে, বিশ্বাস করতে পারছি না। পুরো ব্রঙ্কস আজ শোকে স্তব্ধ।”

এদিকে, নিহতদের মৃত্যুসংবাদ দেশে পৌঁছালে করুইবাড়ি গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একসঙ্গে বাবা ও ভাইকে হারিয়ে দিশেহারা পরিবার।
বুধবার বায়তুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত, আর প্রিয়জন হারানোর বেদনা কতটা গভীর।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন