Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২৬ , ২:২৪ অপরাহ্ণ

দেবিদ্বারে হানিট্রাপের ফাঁদে স্কুল শিক্ষক, নারী আটক

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হানিট্রাপের মাধ্যমে এক স্কুল শিক্ষককে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ভুক্তভোগী শিক্ষক মোকবল হোসেন মাস্টার লাইলি আক্তারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। আটক লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, গাড়ি বিক্রয় সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে ৬ এপ্রিল বিকেলে মোকবল হোসেনকে দেবিদ্বার পৌরসভার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে গেলে কয়েকজন নারী ও পুরুষ মিলে তাকে জিম্মি করে। পরে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতিতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় এবং নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট বিপুল অর্থ আদায় করা হয়।

এরপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। ভিডিওর সূত্র ধরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লাইলি আক্তারকে আটক করে এবং ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী একটি চক্রের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একই কৌশলে অর্থ আদায় করতেন। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।

তবে লাইলি আক্তার দাবি করেছেন, ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং অর্থ লেনদেনকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভাইরাল ভিডিওর ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন