নওগাঁয় স্কুল শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে মোটরসাইকেল নিয়ে গতিরোধ এবং শ্লীলতাহানির অভিযোগে মো: গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি ওই এলাকার মো: হাফিজার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নওগাঁ শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অজ্ঞাতনামা ওই যুবক মোটরসাইকেল চালিয়ে ছাত্রীর গতি রোধ করে এবং তাকে শারীরিকভাবে হেনস্তা (ব্যাড টাচ) করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভয়ে আর স্কুলে যাবে না বলে জানায়।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অবগত হওয়ার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। তার নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে। ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে অভিযুক্তের ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে। পরবর্তীতে মধ্যরাতে অভিযান চালিয়ে রাব্বিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল এবং ওই সময়ে অভিযুক্তের পরিহিত শার্টটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নওগাঁ সদর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া অতীতেও সে বিভিন্ন সময়ে স্কুলছাত্রীদের উত্যক্ত ও হেনস্তা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়কে ইভটিজিং বা স্কুলছাত্রীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”
আজকালের কন্ঠ/আর বি