কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মোঃ আল আমিন (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই রাজু বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হিরারকান্দা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আল আমিনকে ধাওয়া করে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার ওসি মোঃ মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি