Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৫, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

লেখকঃ শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১ এর যৌথ দল।

গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তপাদার বাজার এলাকা এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ কড়ইতলা এলাকার মো. হারুন (৩৫), দিলসাতপুর এলাকার মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং ছিলাদি এলাকার মো. বাবুল হোসেন (২২)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তপাদার বাজার এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয় ডিএনসি ও র‍্যাব সদস্যরা। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে হারুন ও সুমনকে তিন হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে বাবুল হোসেনকে ৭৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আগে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরবর্তীতে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে সরবরাহ করতেন। বাবুল হোসেন অটোরিকশা চালকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে মাদক বিক্রি করতেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন