লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফিস হ্যাচারি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি হ্যাচারিটি পরিদর্শনে যান। এ সময় প্রতিমন্ত্রী হ্যাচারির উৎপাদন কার্যক্রম, পোনা উৎপাদনের মান, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “দেশে মাছের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য হ্যাচারিগুলোকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও দক্ষ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, সরকার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া। এছাড়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আজকালের কন্ঠ/আর বি