নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০:৪৫ ঘটিকায় নওগাঁ সদর হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আসাদ-এর তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ টিম সদর হাসপাতাল এলাকায় অবস্থান নেয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ‘অন-টেস্ট’ ইয়ামাহা ভার্সন-৩ (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
১. রাজ কুমার চৌধুরী (২৩), পিতা: আকাশ চৌধুরী ওরফে তুলশি, মাতা: পারুল রানী চৌধুরী। সাং- খাস নওগাঁ সুইপার পট্টি। ২. সুজন চৌধুরী ওরফে সুইট (২৯), পিতা: মৃত রতন চৌধুরী, মাতা: পাতাসি চৌধুরী। সাং- চকদেব নুনিয়া পট্টি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নওগাঁর বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। উল্লেখ্য যে, এর কিছুকাল আগে সুজন চৌধুরীর মা-কেও বিপুল পরিমাণ মাদকসহ নুনিয়াপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি