Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৬ , ১২:২০ অপরাহ্ণ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো চলতি বছরের সবচেয়ে বড় কোরাল

লেখকঃ মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে চলতি বছরের সবচেয়ে বড় আকারের একটি কোরাল মাছ। মাছটির ওজন ২২ কেজি ৭০০ গ্রাম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মাঝি (৫৫) নামের এক জেলে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় জাল ফেললে তার জালে বিশাল আকৃতির এ কোরাল মাছটি ধরা পড়ে। বুধবার সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার স্থানীয় মাছ বাজারে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে নিলামের মাধ্যমে পাইকারি মাছ ব্যবসায়ী মোস্তাফিজ মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৬শ’ ৪৫ টাকায় ক্রয় করেন।
মৎস্য সংশ্লিষ্টরা জানান, চলতি বছর কুয়াকাটা উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “জেলেরা যদি আরও গভীর সমুদ্রে জাল ফেলতে পারে, তাহলে এর চেয়েও বড় আকারের এবং অধিক পরিমাণ মাছ ধরা সম্ভব।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন