Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২৬ , ৪:৩৯ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রোজ মঙ্গলবার (৩১সে মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. ইসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন সময় প্রণোদনা কার্যক্রম চালু করেছে, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের এসব সহায়তা সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উপকারভোগী কৃষকরা জানান, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় তারা আর্থিকভাবে চাপে ছিলেন। সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক হয়েছে এবং তারা নতুন উদ্যমে চাষাবাদে আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন