যুক্তরাষ্ট্রের New York City-এর কুইন্সে সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) গভীর রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। এ সময় একটি গারবেজ ট্রাক ডানদিকে মোড় নিতে গিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কাছেই পরিবারের সঙ্গে বসবাস করতেন।
ঘটনার আগে ছোট বোনের জন্য কেক কিনে বাড়ি ফিরছিলেন তিনি।তার বাবা উডসাইডের একটি মসজিদের ইমাম। ২০১৭ সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামে।
ঘটনাটি তদন্ত করছে New York Police Department-এর কমিশন ইনভেস্টিগেশন স্কোয়াড। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।এদিকে, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার জানাজা শেষে তাকে নিউজার্সিতে দাফন করা হবে।
আজকালের কন্ঠ/আর এস