পটুয়াখালীর দুমকি উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি মো. মিজান শিকদার (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থাকা ১৬টি মামলার মধ্যে দুটি মামলায় আদালতের সাজাও রয়েছে।সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালত সাজা প্রদান করেন। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এছাড়া তার বিরুদ্ধে ১১টি মাদক মামলাসহ মোট ১৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া গ্রামে। তিনি মৃত আব্দুল কাদের শিকদারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আজকালের কন্ঠ/আর এস