Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: মোবাইল কোর্টের অভিযানে পেট্রোল পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় পরিচালিত এ অভিযানে মেসার্স পপি ট্রেডার্স নামের একটি পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট গোপন সংবাদের ভিত্তিতে ওই পেট্রোল পাম্পে অভিযান চালায়। অভিযানের সময় পাম্পটির বিভিন্ন সংরক্ষণস্থল ও ট্যাংক পরীক্ষা করে ৪,৫০০ লিটার পেট্রোল এবং ১৯,৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ রেখে সুযোগ বুঝে বেশি দামে বিক্রির মাধ্যমে সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হলে সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমান (পিতা: মকবুল হোসেন), পয়ারী রোড, আমুয়াকান্দা’র বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অবৈধভাবে মজুদকৃত পেট্রোল সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারেন। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

অভিযানের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেলের সঠিক সংরক্ষণ, ন্যায্যমূল্যে বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

প্রিন্ট করুন