নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ মার্চ (বুধবার) রাতে শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে সদর থানার একটি দল কীর্ত্তিপুর এলাকার কুজাপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোছাঃ সুমি বেগম (৪৫), মৃত আমজাদ হোসেনের স্ত্রী। মীম খাতুন (২২), মিন্টু হোসেনের মেয়ে। উভয়ই কুজাপাড়া এলাকার বাসিন্দা। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ৫ পিস মাদকদ্রব্য অ্যাম্পুল উদ্ধার করা হয়।
একই রাতে অপর একটি অভিযানে শহরের শালুকা দক্ষিণ পাড়া থেকে রাজু আহমেদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই এলাকার মোঃ শেখদুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
নওগাঁ সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি